নাটোরে ছাত্রের লাশ উদ্ধার, আটক ছয়

নাটোর প্রতিনিধি

নাটোরে নিখোঁজের একদিন পর মো. কামরুল ইসলাম জাহিদ (২০) নামে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রের লাশ পুলিশ উদ্ধার করেছে। রবিবার রাত ৯টার দিকে সদর উপজেলার হালসা ইউনিয়নের নবীনকৃষ্ণপুর গ্রামের পুকুর পাড়ের বাঁশঝাড় থেকে চোখ উপড়ানো ও কান কাটা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত জাহিদ হালসা ইউনিয়নের নবীনকৃষ্ণপুর গ্রামের মো. আফাজউদ্দিনের একমাত্র ছেলে ও চকরামপুরে রাজশাহী সাইন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আরএসটিইউ) শেষবর্ষের ছাত্র। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী সোনিয়া খাতুন, আলী হোসেন, ফাতেমা, রানা, হুদয় এবং আমিরসহ ছয় জনকে আটক করেছে। নিহত জাহিদের মা জানান, শনিবার রাত ৯টার দিকে মোবাইল ফোনে কে বা কারা ওকে ডেকে নিয়ে যায়। এরপর সে রাতে আর বাড়ি ফিরেনি।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, লাশটি গায়ে আঘাতের চিহ্ন আছে। ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের মোবাইল ফোনের কললিস্ট চেক করা হচ্ছে। কারা, কি কারণে জাহিদকে হত্যা করেছে পুলিশ তা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। এরই মধ্যে ছয় জনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।