বেড়া (পাবনা) সংবাদদাতা
চলমান শৈত্যপ্রবাহে তীব্র শীত জেঁকে বসেছে পাবনার বেড়া উপজেলাসহ এর আশেপাশে। গত কয়েকদিনের ঘন কুয়াশার সঙ্গে উত্তরের ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সেই সঙ্গে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এদের মধ্যে শিশু এবং বৃদ্ধরা শ্বাসকষ্টজনিত সমস্যায় সবচেয়ে বেশি ভুগছে। উপজেলার উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতেও ঠান্ডায় আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত দুই সপ্তাহে ১২০ জন রোগী ঠান্ডাজনিত রোগে ভর্তি হয়েছে। হাসপাতালের আউটডোরেও প্রচুর রোগীর ভিড়। এর মধ্যে শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং কোল্ড ডায়রিয়ায় শিশুরা ভর্তি হচ্ছে। প্রতিদিন গড়ে ৩০-৪০ জন জরুরি বিভাগে চিকিত্সা নিচ্ছে। বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিলন মাহমুদ বলেন, শৈত্যপ্রবাহজনিত কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিত্সা নিতে আসছে। শিশুরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে।