চিলমারীতে নৈশপ্রহরীকে হত্যা করে তিন দোকানে ডাকাতি

 

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের চিলমারী উপজেলার জোড়গাছ নতুন বাজারের নৈশপ্রহরী এরশাদুল হককে হত্যা করে তিনটি দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে। রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

জোড়গাছ বাজার কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুকুল জানান, পরিকল্পিতভাবে বাজারে এ ডাকাতির ঘটনা ঘটেছে। নৈশপ্রহরী এরশাদুল হককে বাজারের মকবুলের চায়ের দোকানের সামনের একটি বাঁশের সঙ্গে দুই হাত-পা বেঁধে মুখে গামছা গুঁজে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাত দল। এরশাদুল হক রমনা ইউনিয়নের ভরট্টপাড়া এলাকার মৃত মহিজল হকের ছেলে। ডাকাতরা বাজারের সবচেয়ে বড়ো ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স নজির অ্যান্ড সন্স, ফারুক স্টোর ও লাবু বুক স্টোরের সাটারের তালা কেটে ভেতরে লোহার সিন্দুক ভেঙে নগদ ১৭ লাখ টাকাসহ মালামাল নিয়ে যায়।

চিলমারী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, তদন্ত চলছে। দোষীদের খুঁজে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।