কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা
ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে কোল্ড ইনজুরিতে আক্রান্ত হতে শুরু করেছে কাহারোল উপজেলার বিভিন্ন এলাকার ইরি-বোরোর বীজতলা। উপজেলার বিভিন্ন এলাকায় বীজতলা ঘুরে দেখা গেছে, শীত আর কুয়াশার সঙ্গে স্বল্প শৈত্যপ্রবাহের কারণে বীজতলার চারাগুলো সময়মতো বেড়ে ওঠেনি। বীজতলার বিভিন্ন জায়গায় চারাগুলো হলুদ বিবর্ণ দেখা যাচ্ছে। কোথাও কোথাও বোরো ধানের চারাগুলো মরে যাচ্ছে। কাহারোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় এবার ৫ হাজার ৬১০ হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ যাবত্ ২১৫ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। কাহারোল কৃষি অফিসের কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক জানান, কৃষকদের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখতে বলা হয়েছে। প্রতিদিন কৃষি উপসহকারীদের কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে।