জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহে উচ্চশিক্ষা মানোন্নয়নে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) ২০১৬ সাল থেকে কাজ করছে। চলমান অনেক পদক্ষেপের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহের শিক্ষকদের পেশাগত উন্নয়নের লক্ষ্যে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের মালয়েশিয়া ক্যাম্পাসে এমএ ইন এডুকেশন প্রোগ্রাম অন্যতম। এ লক্ষ্যে নির্বাচিত শিক্ষকদের ২০১৭ সাল থেকে বিভিন্ন ব্যাচে মালয়েশিয়া ক্যাম্পাসে পাঠানো হচ্ছে। এ পর্যন্ত ছয়টি ব্যাচ মালয়েশিয়া ক্যাম্পাসে প্রশিক্ষণ নিয়েছে। নিঃসন্দেহে, সিইডিপি শিক্ষা মন্ত্রণালয়ের সময়োপযোগী পদক্ষেপ। কিন্তু এখানেও কিছু অসঙ্গতি পরিলক্ষিত হচ্ছে। যেমন নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের মালয়েশিয়া ক্যাম্পাসে যাওয়া প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থী শিক্ষকেরা ২১ দিনের বৈদেশিকভাতা বাবদ দুই লাখ আশি টাকার মতো পেলেও পরবর্তী ব্যাচগুলোতে এই ভাতার হার ক্রমাগত কমেই চলেছে। বিশেষ করে তৃতীয় ব্যাচের প্রশিক্ষণার্থী শিক্ষকেরা পেয়েছিলেন দুই লাখ এক হাজার টাকা, চতুর্থ ব্যাচের প্রশিক্ষণার্থী শিক্ষকেরা পেয়েছিলেন দুই লাখ বারো হাজার টাকা, পঞ্চম ব্যাচের প্রশিক্ষণার্থী শিক্ষকেরা পেয়েছিলেন দুই লাখ তিন হাজার টাকা আর সর্বশেষ ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণার্থী শিক্ষকেরা পেয়েছিলেন দুই লাখ দুই হাজার টাকা। এই বিষয়ে সিইডিপির দায়িত্বশীল কর্মকর্তাদের জিজ্ঞেস করলে তারা কোনো উত্তর দিতে অপারগতা জানান। আর প্রশিক্ষণার্থী শিক্ষকেরাও প্রশাসনিক বিড়ম্বনার ভয়ে এ বিষয়ে আগাতে অনিচ্ছুক। তবে যেহেতু একটি প্রকল্প কিভাবে বাস্তবায়িত হবে, এর ব্যয় সম্পর্কে আগাম নির্ধারণ থাকে, সেহেতু প্রশিক্ষণার্থী শিক্ষকদের বৈদেশিকভাতা এভাবে কমে যাওয়ার কোনো কারণ থাকতে পারে না। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ একান্ত কাম্য।
সাজ্জাদ হোসেন
মুকসুদপুর, গোপালগঞ্জ