৪৪ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে শেয়ারবাজার

ইত্তেফাক রিপোর্ট

খ্রিস্টীয় নতুন বছরের প্রথম দুই কার্যদিবস সামান্য উত্থান হলেও পরের দুই দিনে ব্যাপক পতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল সোমবারও আগের দিন রবিবারের মতো বড়ো পতন হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমে ৪৪ মাস আগের অবস্থানে নেমে গেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ব্যাপক পতনে শেষ হয়েছে লেনদেন।

জানা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৩২ পয়েন্টে। যা ৩ বছর ৭ মাস ১৯ দিন অর্থাত্ ৪৪ মাস বা ৮৭৯ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৬ সালের ১৭ মে আজকের চেয়ে নিম্নে অবস্থান করছিল ডিএসইর ডিএসইএক্স সূচকটি। ওই দিন ডিএসইএক্স অবস্থান করছিল ৪ হাজার ৩২৬ পয়েন্টে। আজ ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১২ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৮৩ ও ১৪৫২ পয়েন্টে।

গতকাল ডিএসইতে সূচকের ব্যাপক পতনে ভূমিকা রেখেছে গ্রামীণফোন। গতকাল কোম্পানিটির মাধ্যমে ১৬ পয়েন্ট কমেছে। এছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ৭ পয়েন্ট এবং স্কয়ার ফার্মার মাধ্যমে ৪ পয়েন্ট পড়েছে। এগুলোও বড়ো পতনের পেছনে অগ্রণী ভূমিকা রেখেছে। ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৭৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৮৩ কোটি ৩৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২৯২ কোটি ৪৬ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৫৫টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির বা ১৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৫৩টির বা ৭১ শতাংশের এবং ৩৯টি বা ১১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের। এদিন কোম্পানিটির ২৬ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা খুলনা পাওয়ারের ১৯ কোটি ১ লাখ টাকা এবং ১৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে এডিএন টেলিকম।

ডিএসইর টপটেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে : ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, বিকন ফার্মা, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার্স, শেফার্ড এবং জেনেক্স ইনফোসিস।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ২২২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫০টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর। গতকাল সিএসইতে ১৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।