এবার বিএসটিআইর মানোন্নয়নের উদ্যোগ!

ইত্তেফাক রিপোর্ট

মান নির্ধারণ ও তা তদারকির দায়িত্বে থাকা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিউশনের (বিএসটিআই) কর্মকাণ্ড ও গুরুত্ব বিবেচনায় এটিকে শিল্প মন্ত্রণালয়ের একটি বিভাগে রূপান্তর করার চিন্তা করছে সরকার। বর্তমানে এটি ইনস্টিটিউট হিসেবে কাজ করছে। গতকাল সোমবার রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, বিএসটিআইকে একটি বিভাগে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। শিল্প মন্ত্রণালয়ের ২০১৮-২০১৯ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান উপলক্ষ্যে ঐ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এছাড়া সাবেক সচিব এবং এপিএ বিশেষজ্ঞ পুলের সদস্য কে এইচ মাসুদ সিদ্দিকী, মনসুর আলী শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিএসটিআই একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের কাজের পরিধি বৃদ্ধি পাচ্ছে। বিএসটিআইকে শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি বিভাগ করা এখন সময়ের দাবি। আমরা সে বিষয়টি সক্রিয় বিবেচনা করছি।