ডিএসইর মাধ্যমে রাজস্ব আদায় বেড়েছে

ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আগের মাসের তুলনায় ডিসেম্বর মাসে সরকারের রাজস্ব আদায় ২ দশমিক ৫১ শতাংশ বেড়েছে। উদ্যোক্তা পরিচালক ও প্লে­সমেন্ট শেয়ার বিক্রি কিছুটা বাড়ার কারণে সরকারের রাজস্ব আদায়ও বেড়েছে।

 ডিএসই সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসে ডিএসইর মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ৯ কোটি ৭ লাখ ৪৩ হাজার ১৯৭ টাকা। যার পরিমাণ নভেম্বর মাসে ছিল ৮ কোটি ৮৫ লাখ ১৮ হাজার ৪৩৫ টাকা। অর্থাত্ মাসের ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে ২২ লাখ ২৪ হাজার ৭৬২ টাকা বা ২.৫১ শতাংশ। ডিসেম্বর মাসে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ৬ কোটি ৭০ লাখ ২৫ হাজার ৫১৯ টাকা রাজস্ব আদায় হয়েছে। আর উদ্যোক্তা পরিচালক বা পে­সমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয়েছে ২ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ৬৭৮ টাকা।

অন্যদিকে আগের মাসে অর্থাত্ নভেম্বরে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ৭ কোটি ৪১ লাখ ৬ হাজার ১৮৭ টাকা রাজস্ব আদায় হয়। আর উদ্যোক্তা পরিচালক বা পে­সমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয় ১ কোটি ৪৪ লাখ ১২ হাজার ২৪৮ টাকা।