পাশে দাঁড়ালেন জকোভিচ-শারাপোভাও
স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ার বনাঞ্চলে দাবানল এরই মধ্যে বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দুতে। ক্রীড়াবিশ্বের তারকারাও এগিয়ে আসছেন দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে। তারই ধারাবাহিকতায় শেন ওয়ার্ন নিজের ব্যাগি গ্রিন নিলামে তুলেছেন। বিক্রির অর্থ যাবে ক্ষতিগ্রস্তদের সাহায্য তহবিলে।
ওয়ার্নের এই টুপি নিলামে বিক্রির পর সব অর্থ যাবে অস্ট্রেলিয়ান রেড ক্রসের ত্রাণ তহবিলে। গতকাল দুপুর পর্যন্ত এর সর্বোচ্চ ডাক উঠেছে ৩০১,৫০০ অস্ট্রেলিয়ান ডলারের। শুক্রবার পর্যন্ত চলবে এ নিলাম।
ব্যাগি গ্রিন অস্ট্রেলিয়া টেস্ট দলের টুপির পোশাকি নাম। অভিষেকের দিনে এটা পাওয়ার পর অজি ক্রিকেটাররা বেশ যত্নেই আগলে রাখেন। তবে দেশের দাবানলে ক্ষয়ক্ষতির তীব্রতা ওয়ার্নকে ব্যাগি গ্রিনের মায়া ছাড়তে বাধ্য করেছে।
অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্টে ৭০৫ উইকেট শিকার করা ওয়ার্ন ‘ব্যাগি গ্রিন’ নিলামে তোলার পর সংবাদ মাধ্যমকে বলেন, ‘এটা আমাকে আমার অনেক ভালোবাসার ব্যাগি গ্রিনকে নিলামে তুলতে বাধ্য করেছে যেটা আমি ক্যারিয়ার জুড়ে পরে এসেছি।’
সাবেক অজি স্পিনারের আশাবাদ, ব্যাগি গ্রিন নিলামের অর্থ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে ত্রাণ তহবিল গঠনে। তিনি বলেন, ‘আমি আশা করব আমার ব্যাগি গ্রিন ক্ষতিগ্রস্তদের জন্যে গুরুত্বপূর্ণ তহবিল সংগ্রহ করতে পারবে।’
এর আগে ২০০৩ সালে অজি কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপি বিকিয়েছিল ৪২৫০০০ অস্ট্রেলিয়ান ডলারে। তবে ওয়ার্নের ব্যাগি গ্রিন নিলামে তোলাই অস্ট্রেলিয়ার দাবানলের ক্ষতিগ্রস্তদের জন্যে ক্রীড়া তারকাদের প্রথম অনুদান নয়। এর আগে ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল আর ডার্সি শর্ট বিগব্যাশ লিগে প্রতিটি ছক্কার জন্যে ২৫০ ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
পিছিয়ে নেই টেনিস তারকারাও। বিশ্বর্যাংকিংয়ের দ্বিতীয় সেরা টেনিস তারকা নোভাক জকোভিচ রিলিফ ফান্ডের জন্যে আর্থিক সাহায্যের আবেদন তো করেছেনই, মারিয়া শারাপোভার এক টুইটার বার্তার জবাবে ২৫০০০ অস্ট্রেলিয়ান ডলার সাহায্য দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।
উল্লেখ্য, শারাপোভা নিজেও একই অঙ্ক দান করেছেন ত্রাণ তহবিলে। এর আগে অজি টেনিস তারকা অ্যাশলে বার্টি জানিয়েছেন, ব্রিসবেন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট থেকে পাওয়া সব প্রাইজমানি দেবেন দাবানল ত্রাণ তহবিলে।