জাপা প্রেসিডিয়ামের ৩৭ জনের নাম ঘোষণা

অবশিষ্ট আছে ৪, পুরোনোদের

৭ জনের নাম নেই

ইত্তেফাক রিপোর্ট

কাউন্সিলের ৯ দিন পর দলের প্রেসিডিয়ামের ৩৭ জন সদস্যের নাম ঘোষণা করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। গতকাল সোমবার তিনি তাদের নাম প্রকাশ করেন। দলটির গঠনতন্ত্র অনুযায়ী প্রেসিডিয়ামের সদস্যসংখ্যা হবে ৪১। সেই হিসাবে প্রেসিডিয়ামে ঠাঁই পাওয়ার সুযোগ রয়েছে আরো চার জনের। তবে প্রেসিডিয়ামের পুরোনো সদস্যদের মধ্যে এরই মধ্যে সাত জনের নাম ঘোষিত ৩৭ জনের তালিকায় নেই। যদিও দলটির গঠনতন্ত্রে যে কোনো পদ সৃষ্টির ও পদোন্নতি দেওয়ার একক ক্ষমতা দেওয়া আছে চেয়ারম্যানকে। পুরোনোদের মধ্যে যাদের নাম ৩৭ জনের মধ্যে নেই তারা হলেন: অধ্যাপক দেলোয়ার হোসেন খান, নূর-ই হাসনা চৌধুরী (লিলি চৌধুরী), আতিকুর রহমান আতিক, মেজর (অব.) খালেদ আখতার, কাজী মামুনুর রশীদ, মজিবুর রহমান সেন্টু ও ব্যারিস্টার দিলারা খন্দকার। তাদের মধ্যে অধ্যাপক দেলোয়ার দলের প্রবীণ নেতা। এই সাত জনের মধ্যে কয়েকজনের সঙ্গে আলাপ করলে তারা ইত্তেফাককে বলেন, ‘ঘোষিত তালিকা দেখে মনে হচ্ছে সেখানে এক ধরনের গ্রুপিংয়ের ছাপ রয়েছে। দলের প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদ জীবিত থাকাবস্থায় যাদের সম্মানিত করেছেন তার অবর্তমানে তারই ছোটো ভাইয়ের নেতৃত্বে তারা অসম্মানিত হবেন এটা মেনে নেওয়া হবে না।’ তবে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগে কেউই উদ্ধৃত হতে রাজি হননি।

প্রেসিডিয়ামের ৩৭ জন সদস্য হলেন—আবুল কাশেম, হাফিজউদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু, আলহাজ সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, ফখরুল ইমাম, সৈয়দ আব্দুল মান্নান, মাসুদ পারভেজ সোহেল রানা, হাবিবুর রহমান, সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আজম খান, এ টি ইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, নাসরিন জাহান রতনা, আব্দুর রশীদ সরকার, সফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, পীরজাদা শফিউল্লাহ আল মনির, লে. জে. (অব.) মাসুদউদ্দিন চৌধুরী, মোস্তাফিজুর রহমান মোস্তফা, রেজাউল ইসলাম ভূইয়া, মিজানুর রহমান, সৈয়দ দিদার বখ্ত, নাজমা আখতার, আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, ইমরান হোসেন মিয়া,  মেজর (অব.) রানা মো. সোহেল, লিয়াকত হোসেন খোকা, এ কে এম সেলিম ওসমান, নাসির মাহমুদ ও জহিরুল ইসলাম। এর মধ্যে নাসির মাহমুদ ও জহিরুল ইসলাম প্রথমবারের মতো প্রেসিডিয়ামে অন্তর্ভুক্ত হলেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্টির অষ্টম কমিটির ক্রমানুসারে তালিকা প্রকাশ করা হয়েছে। চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সময় নামের ক্রম চূড়ান্ত করা হবে।

এই ৩৭ জনের মধ্যে আট জনকে গত ৩০ ডিসেম্বর আট বিভাগের জন্য অতিরিক্ত মহাসচিব হিসেবে নিয়োগ দেন জাপা চেয়ারম্যান। তারা হলেন—গোলাম কিবরিয়া টিপু (বরিশাল), আলহাজ সাহিদুর রহমান টেপা (খুলনা), অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম (রাজশাহী), ফখরুল ইমাম (ময়মনসিংহ), এ টি ইউ তাজ রহমান (সিলেট), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (রংপুর), রেজাউল ইসলাম ভূঁইয়া (চট্টগ্রাম) ও লিয়াকত হোসেন খোকা (ঢাকা)। অতিরিক্ত মহাসচিবদের নিয়ে গতকাল দলের বনানী কার্যালয়ে প্রথম বৈঠক করেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। অন্যদিকে আগামীকাল বুধবার বেলা ১১টায় সিনিয়র কো-চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানদের প্রথম সভা ডেকেছেন জি এম কাদের।