দিল্লির জেএনইউ তাণ্ডবে বিজেপি ছাত্ররাই দায়ী

ভারতের দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) রবিবার রাতে সশস্ত্র মুখোশধারী বাহিনী তাণ্ডব চালানোর পর অভিযোগের আঙুল উঠছে শাসক দল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) দিকেই। ওই হামলার আগে-পরে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও, ছবি ও হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট বিশ্লেষণ করে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম হামলাকারীদের বিজেপি সমর্থক বলে চিহ্নিত করছে। খবর বিবিসি’র

দিল্লির জেএনইউ-তে রবিবার দিবাগত রাতে লাঠিসোঁটা, লোহার রড নিয়ে দুর্বৃত্তরা তাণ্ডব চালানোর ঘটনায় আহত হন অন্তত ৩৪ জন শিক্ষার্থী ও শিক্ষক। এরপর থেকেই ভোররাত পর্যন্ত দিল্লি পুলিশের সদর দফতরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। শুরু থেকেই ওই হামলায় আহতরা এই ঘটনার জন্য বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-কে দায়ী করেন। 

সোমবার হামলার বেশকিছু ‘ইউনিটি এগেইন্সট লেফট’, ‘ফ্রেন্ডস অব আরএসএস’ ইত্যাদি নামধারী হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে হামলার প্রস্তুতির নানা প্রমাণ মিলেছে, সেগুলো এদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়ে উঠেছে। এসব প্রমাণ উল্লেখ করে ভারতের অনেক গণমাধ্যমই আক্রমণকারীদের বিজেপি সমর্থক বলে চিহ্নিত করছে। 

আরও পড়ুন: জেএনইউ হামলা: পুলিশের ভূমিকায় মোদি সরকারের জবাব চাইলেন ওয়েসি

তবে এবিভিপি নিজেদের নির্দোষ দাবি করে বামপন্থীদের উপর দায় চাপাচ্ছে। এবিভিপি-র সাধারণ সম্পাদক নিধি ত্রিপাঠী দাবি করেছেন, ‘আমাদের সমর্থকরা গতকাল বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশনের শেষ দিনে নাম নথিভুক্ত করাতে গেলে বামপন্থী গোষ্ঠীর দলবল হোস্টেলে ঢুকে তাদের বেধড়ক পেটায়।’

এদিকে জেএনইউ-য়ে নির্যাতিত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে দিল্লি ছাড়াও কলকাতা-মুম্বাই-হায়দারাবাদসহ দেশের বিভিন্ন শহরে সোমবার প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ইত্তেফাক/এসইউ