ফরিদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষ

এক পরিবারের চার জনসহ নিহত ৬

সারা দেশে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ফরিদপুরে বাস-মাইক্রো সংঘর্ষে একই পরিবারের চার জনসহ ছয় জন রয়েছেন। গত রবিবার সন্ধ্যা থেকে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

ফরিদপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের         ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর মল্লিকপুরে বাস-মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার জনসহ ছয় জন নিহত ও এক জন আহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায়কে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতরা হলেন— ফরিদপুর জেলা ওলামা দলের সভাপতি ও কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ম সম্পাদক ডা. শরিফুল ইসলাম, তার মেয়ে তাবাসসুম, বোনের মেয়ে তাকিয়া, শ্যালিকা জাকিয়া সুলতানা, শরিফুলের বন্ধু পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন ও চালক নাহিদ হোসেন। চালক নাহিদের বাড়ি নড়াইলে। শরিফুলের স্ত্রী রিম্মিকে প্রথমে ফরিদপুর মেডিক্যাল ও পরে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, ডা. শরিফুল পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসে ঢাকা যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে খুলনাগামী মামুন পরিবহনের একটি বাস মাইক্রোটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোর সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। হাইওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে ঘন কুয়াশা ও বাসের বেপরোয়া গতি এবং রং সাইডে চলে আসাই দুর্ঘটনার কারণ। তদন্ত শেষে সঠিক কারণ বলা যাবে। বাসটি জব্দ করা গেলেও চালক ও অন্যরা পলাতক রয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক অতুল সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা জানান, ফরিদপুরে সড়কে নিহত তাকিয়া খানমের (১৩) গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। সে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে উপজেলার জয়পুর গ্রামে আকিদুল ইসলাম মোল্যার মেয়ে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের উপ-রাজরামপুরে গতকাল ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। তারা হলেন—চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর  দেওয়ানপাড়ার গোলাম রাব্বানী ও তার মেয়ে সাদেকিনা রেশমী। রেশমী উপ রাজারামপুর কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্রী। ট্রাফিক সার্জেন্ট মনিরুল ইসলাম জানান, স্কুল থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক ফেলে চালক পালিয়ে যায়।

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা জানান, গতকাল পাবনার আমিনপুরে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের শিবপুর নামক স্থানে ট্রাকের সঙ্গে সংঘর্ষে রাব্বি (১৬) নামে মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। রাব্বি বেড়া উপজেলার হরিনাথপুর গ্রামের হারেছ আলীর ছেলে।

গোপালগঞ্জে কলেজ ছাত্র নিহত 

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, রবিবার সন্ধ্যায় কাশিয়ানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় রুমেন শেখ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। ঢাকা-বেনাপোল মহাসড়কের কালনা ঘাটে এ দুর্ঘটনা ঘটে। রুমেন শেখ উপজেলার তারাইল গ্রামের আবুল শেখের ছেলে। তিনি খুলনা বিএল কলেজের হিসাব বিজ্ঞানে অনার্স প্রথম বর্ষের ছাত্র।

ইজিবাইকের চালক নিহত :ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা জানান, শেরপুর-ঝিনাইগাতী সড়কের কালীবাড়ী নামক স্থানে ট্রলি ও ইজিবাইক সংঘর্ষে তাইজুদ্দিন নামে এক ইজিবাইকের চালক নিহত হয়েছেন। তাইজুদ্দিন (৪৫) উপজেলা সদরের মৃত আব্দুল জলিলের পুত্র।