সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকার মন্ত্রী-এমপিদের পকেটের উন্নয়ন নয়, জনগণের ভাগ্যের উন্নয়ন করতে চায়। সে লক্ষ্যে আমরা জনগণের সমর্থন চাই।
গতকাল সোমবার দুপুরে সাভার উপজেলা পরিষদ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত শীতার্তদের মাঝে কম্বল, শুকনো খাবার, শিশুখাদ্য ও শিশু বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আসন্ন সিটি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধে সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। আমরা অবাধ ও সুষ্ঠু ভোট চাই, নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করতে চাই। তিনি আরো বলেন, সিটি নির্বাচন হওয়ার আগেই বিএনপি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ইভিএম নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। অথচ অতীতে ইভিএম পদ্ধতির নির্বাচনে তারাই বেশি জয়লাভ করেছে। মূলত তারা আধুনিক প্রযুক্তির বিরুদ্ধে। ডিজিটাল ভোট পদ্ধতি তথা ডিজিটাল বাংলাদেশ তারা চায় না।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ এই শীতে সারা বাংলাদেশে একজন মানুষও যাতে কষ্ট না পায় এবং শীতে কেউ যেন মৃত্যুবরণ না করে, সে জন্য আমরা দলীয়ভাবে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। সরকার ইতিমধ্যে ৪০ লাখ কম্বল ও ২ কোটি নগদ অর্থ, শিশুদের জন্য শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেছে। অনুষ্ঠানে সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, পৌর মেয়র আব্দুল গণি প্রমুখ।