কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে একটি যাত্রীবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় ‘এলসিটি কাজল’ নামে জাহাজে এ অগ্নিকাণ্ড ঘটে।
নদীর দক্ষিণ পাড়ার ইছানগর বিএফডিসি মাল্টিচ্যানেল স্লিপওয়ের ডকইয়ার্ডের একটি সূত্র জানায়, এই ডকইয়ার্ডেই মেরামতের কাজ করার সময় একটি জাহাজে আগুন লেগে যায়। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, ‘এলসিটি কাজল’ নামের জাহাজটি মেরামতের জন্য ডকইয়ার্ডে তোলা হয়েছিল। আগুন লাগার খবর পেয়ে ৩টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। জাহাজটি টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে চলাচল করে। ওয়েল্ডিং করার সময় জাহাজে আগুন লেগে যায়। এতে কেবিনসহ বেশকিছু মালামাল পুড়ে গেছে।