ক্রয় দুর্নীতির অভিযোগের মামলায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) নির্বাহী প্রকৌশলীসহ ছয় জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার কমিশন মামলার তদন্ত কর্মকর্তার প্রতিবেদন যাচাই-বাছাই করে ঐ চার্জশিট অনুমোদন দেয়। শিগগিরই দুদকের তদন্ত কর্মকর্তা বিচারিক আদালতে এ চার্জশিট দাখিল করবেন বলে দুদক সূত্র জানিয়েছে।
যাদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে তারা হলেন—বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কুর্মিটোলা ঢাকার নির্বাহী প্রকৌশলী মিহির চাঁদ দে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শহীদুল আফরোজ, সাবেক সহকারী পরিচালক ভবেশ চন্দ্র সরকার, কক্সবাজার বিমানবন্দর ম্যানেজার দপ্তরের সাবেক সিনিয়র উপসহকারী পরিচালক শহীদুল ইসলাম মন্ডল, কক্সবাজার বিমানবন্দরের সাবেক ম্যানেজার মো. হাসান জহির এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেডার্সের মালিক মোহাম্মদ শাহাবুদ্দিন। উল্লেখ্য, গত বছরের ৬ জানুয়ারি কক্সবাজার সদর থানায় মামলাটি দায়ের করা হয়েছিল। মামলায় কক্সবাজার বিমানবন্দরের জন্য জেনারেটর কেনার নামে সাড়ে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়। এই মামলার তদন্ত কর্মকর্তা উপপরিচালক মাহবুবুল আলম।