ফেলানী হত্যার ৯ বছর

বিচার না পেয়ে হতাশ বাবা-মা

ফেলানী হত্যার ৯ বছর পূরণ হলো আজ। দীর্ঘ ৯ বছরেও হত্যার বিচার না পেয়ে হতাশ ফেলানীর বাবা-মা। আজ মঙ্গলবার পারিবারিকভাবে পালন করা হচ্ছে তার ৯ম মৃত্যুবার্ষিকী। আয়োজন করা হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল। এদিকে গত কয়েক বছরের মতো এবারও ঢাকায় দুই দিনের কর্মসূচি পালন করছে নাগরিক পরিষদ। গুলশান ২-এ অবস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশন পার্ক রোড অথবা কূটনৈতিক এলাকায় ১টি রাস্তার নাম ফেলানী সরণি করার জন্য তারা ৬ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এ একটি স্মারকলিপি প্রদান করেছেন।

৭ জানুয়ারি মঙ্গলবার সাড়ে ১০টায় বিশ্বব্যাপী ফেলানী দিবস পালনের দাবিতে নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন সভাপতিত্বে তোপখানা রোডস্থ নির্মলসেন মিলনায়তনে তারা এক আলোচনা সভার আয়োজন করেছে। গতকাল ফেলানীর বাবা নুরুল ইসলাম ও মা জাহানারা বেগম বলেন, মেয়ে হত্যার বিচার চেয়ে মানবাধিকার সংস্থাসহ বহু জনের কাছে গিয়েছি। কিন্তু ৯ বছরেও কাঙ্ক্ষিত বিচার পেলাম না।