ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার জাতীয় অর্থনীতি পত্রিকার সম্পাদকের জামিন

ডিজিটাল নিরাপত্তা আইনে জেলার সোনাইমুড়ি থানায় দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার সম্পাদক এমজি কিবরিয়া চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে নোয়াখালীর ৬ নম্বর আমলী আদালতে তার জামিন আবেদন শুনানি শেষে বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাহীন তার জামিন মঞ্জুর করেন।

রবিবার বিকালে কিবরিয়া চৌধুরীকে ঢাকার পুরানা পল্টনের তার পত্রিকা অফিস থেকে পল্টন থানার পুলিশের সহযোগিতায় সোনাইমুড়ি থানা পুলিশ গ্রেফতার করে। রাতে তাকে সোনাইমুড়ি থানায় আনা হয়। গতকাল তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

 জানা যায়, গত বছরের ২৭ নভেম্বর দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিককে আওয়ামী লীগে হাইব্রিডদের অনুপ্রবেশের একজন উল্লেখ করে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ফেসবুক পেইজেও শেয়ার করা হয়। এ সংবাদ অসত্য, আপত্তিকর ও মানহানির অভিযোগ এনে আতাউর রহমান ভূঁইয়া মানিক বাদী হয়ে গত ১১ ডিসেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে পত্রিকার সম্পাদক এমজি কিবরিয়া চৌধুরী ও পত্রিকার চেয়ারম্যান মনিরুননেছাকে আসামি করে সোনাইমুড়ি থানায় একটি মামলা দায়ের করেন।