উখিয়ায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত

উখিয়া সীমান্তের পালংখালী ফারিরবিল খাল বেয়ে এপারে ওঠার সময় পালংখালী বিজিবির সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা একটি দেশীয় বন্ধুক, দুই রাউন্ড কার্তুজ ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। সোমবার ভোর রাতে এ ঘটনাটি ঘটে।

পালংখালী ৩৪ বিজিবির নায়েব সুবেদার মিজানুর রহমান জানান, ইয়াবার চালান নিয়ে তারা খাল বেয়ে থাইংখালী ক্যাম্পের দিকে যাওয়ার সময় বিজিবি তাদের গতিরোধ করার চেষ্টা করে। এ সময় রোহিঙ্গারা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়লে বিজিবিও আত্মরক্ষার্থে পালটা গুলি ছোড়ে। উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ উনচিপ্রাং ক্যাম্পের সোলতান আহম্মদের ছেলে ইসমাঈল (২৭) ও একই ক্যাম্পের আবু ছৈয়দের ছেলে হেলাল উদ্দিন (২২) কে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাতক দুই জনসহ চার জনের বিরুদ্ধে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।