কেউ কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল সোমবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে উত্পাদিত পেঁয়াজ (মুড়িকাটা) বাজারে এসেছে। এছাড়া বিভিন্ন দেশ থেকে চাহিদা মোতাবেক প্রয়োজনীয় পেঁয়াজ আমদানি করা হচ্ছে। প্রতিটি বাজারে পর্যাপ্ত পেঁয়াজের সরবরাহ রয়েছে। তাই মূল্য অস্বাভাবিক বৃদ্ধির কোনো কারণ নেই।
উল্লেখ্য, যৌক্তিক কোনো কারণ ছাড়াই গত ২ জানুয়ারি থেকে পেঁয়াজের বাজার আবার ঊর্ধ্বমুখী হয়েছে। বর্তমানে রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি নতুন দেশি পেঁয়াজ ১৮০ থেকে ২০০ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ মানভেদে ৭০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে; কিন্তু নতুন দেশি পেঁয়াজ বাজারে আসার পর গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি থেকে পেঁয়াজের দাম কমতে শুরু করেছিল। তখন প্রতি কেজি নতুন দেশি পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ মানভেদে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়।