এই মুহূর্তে খালেদা জিয়াকে অ্যাডভান্স সেন্টারে পাঠান -------------মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বেগম জিয়াকে শুধু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কারাগারে বন্দি রেখে শাস্তি দেওয়া হচ্ছে। এই মুহূর্তে তার উন্নত চিকিত্সার জন্য অ্যাডভান্স সেন্টারে পাঠানো উচিত। কিন্তু বিএসএমএমইউতে সেই চিকিত্সার সুযোগ নেই বলে আমরা জানি। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে অ্যাডভান্স সেন্টারে পাঠান, তাকে মুক্তি দিন। তার কিছু হলে সবকিছুর জন্য দায়ী থাকবে সরকার।

গতকাল সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তথ্য তুলে ধরেন বিএনপি মহাসচিব।

তিনি বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের বরাত দিয়ে বলেন, বেগম জিয়া দেশনেত্রী গুরুতর অসুস্থ। তিনি কিছু খেতে পারছেন না। যা খাচ্ছেন তা বেরিয়ে আসছে। বিছানা থেকে ১০ কদম দূরে বাথরুমে একা যেতে পারেন না। যেতে হলে দুই জনের সাহায্য নিতে হয়।

ডা. জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি এখন ক্রিপল্ড অর্থাত্ পঙ্গু হয়ে গেছেন। তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নন, তিনি দেশের সাবেক প্রধানমন্ত্রী। গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেত্রী। তার বয়স ৭৬ বছর। ডায়াবেটিস অনিয়ন্ত্রিত।