গাজীপুর সিটি করপোরেশনের বাঘিয়া বাইমাইল এলাকায় অভিযান চালিয়ে সাতটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার দিনব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। এ সময় ওই সব ইটভাটার মালিককে ৫৪ লাখ টাকা জরিমানা করা হয়।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, সাতটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভেকু দিয়ে একটি ইটভাটার চিমনিও ভেঙে দেওয়া হয়েছে। ইটভাটাগুলোর মধ্যে আইজুদ্দিন ব্রিকসকে (বিএবি) ৬ লাখ টাকা, স্কুলের পাশে থাকায় বাঘিয়া অলি ব্রিকসকে ২০ লাখ টাকা, একতা ব্রিকসকে ৬ লাখ টাকা, সুপার ব্রিকসকে ৫ লাখ টাকা, আইজুদ্দিন ব্রিকস-২কে (বিএবি) ৬ লাখ টাকা, ৮৮৮ ব্রিকসকে ৫ লাখ, আশা ব্রিকসকে (এবিসি) ৬ লাখ টাকাসহ মোট ৫৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, সিটি করপোরেশন এলাকাসহ গাজীপুরের অবৈধ সব ইটভাটায় অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন। এছাড়া এই অভিযানে গাজীপুর র্যাব-১ ও পুলিশ সহযোগিতা করে।