সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কাভার্ডভ্যান চালক সিরাজুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সিদ্ধিরগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গোপন সূত্র ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে খুনের ঘটনায় জড়িত চার জনকে পটুয়াখালী জেলা সদরের নন্দীপাড়া গ্রাম ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের লাল মিয়া ওরফে সাগর, ইয়াছিন ওরফে পপো, শাহীন ও নাজমুস সাকিব।
উল্লেখ্য, বুধবার রাতে নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার তক্কার মাঠ এলাকা থেকে একটি পণ্য বোঝাই কাভার্ডভ্যান ঢাকার আশুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড শিমরাইল মোড় ডাচ্ বাংলা ব্যাংকের ইউটার্নে চট্টগ্রামগামী লেনে বিক্রমপুর বোর্ডিংয়ের সামনে একজনকে নেওয়ার জন্য দাঁড়ালে ছিনতাইকারীদের কবলে পরে চালক ও হেলপার। এসময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে চালক সিরাজুল ইসলাম গুরুতর রক্তাক্ত জখম হয় এবং তাদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। ঐদিনই হেলপার রাজু বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।