মেক্সিকোতে মাদক বিরোধী যুদ্ধে বেড়েছে নিখোঁজের সংখ্যা

মেক্সিকোতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। আর এই যুদ্ধে প্রতিনিয়ত বাড়ছে নিখোঁজের সংখ্যা। মেস্কিকোতে গত বছরের জুন থেকে এই বছরের জানুয়ারী পর্যন্ত প্রায় ২০ হাজার বেশি নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার মেক্সিকো সরকারের পক্ষ থেকে এই তথ্য প্রকাশিত হয়। খবর বিবিসি'র। 

সরকারের দেয়া তথ্য অনুযায়ী, ১৯৬৪ সাল থেকে নিখোঁজের তালিকা প্রকাশ হওয়ার পর এই পর্যন্ত মেক্সিকোতে ৬১ হাজার ৬৩৭ জন নিখোঁজের তালিকা করা হয়েছে। এর মধ্যে ২০০৬ সাল থেকে মাদক বিরোধী যুদ্ধ শুরু হওয়ার পরই প্রায় ৬০ হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন।  মেস্কিকোতে বেড়ে চলা এই নিখোঁজের পেছনে মাদক ব্যবসায়ী, অপরাধী চক্র পাশাপাশি আইন- ‍শৃঙ্খলা বাহিনীকে দায়ী করা হচ্ছে। মেক্সিকো সরকারের দেয়া প্রতিবেদনে আরো বলা হচ্ছে, গুম হওয়াদের মধ্যে ৫৩ শতাংশের বয়সই ১৫ থেকে ৩৫ এবং এদের মধ্যে ৭৪ শতাংশই পুরুষ।   

নিখোঁজের সংখ্যার দিক দিয়ে ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশগুলোকেও ইতিমধ্যে ছাড়িয়ে গেছে মেক্সিকো। ১৯৯৬ সালে ল্যাটিন আমেরিকার দেশ গুয়াতেমালায় ৩৬ বছরের গৃহযুদ্ধে রেকর্ড সংখ্যক ৪০ হাজার মানুষ নিখোঁজ হন। এছাড়া ১৯৮৩ সালে আর্জেন্টিনাতেও সামরিক শাসক ক্ষমতা নেয়ার পর ৩০ হাজার মানুষ নিখোঁজ হন। 

ইত্তেফাক/এআর