পুষ্টি নিশ্চয়তায় নিউট্রিপ্রেনার

  মাহবুব নাহিদ

 

বিশেষ বিশেষ রোগীদের জন্য আলাদা খাবার মেন্যুর আইডিয়া নিয়ে পুষ্টি সেবা দেওয়ার জন্য প্রথমবারের মতো আমাদের দেশে কাজ শুরু করেছে নিউট্রিপ্রেনারর বিডি। অনন্য এক ধারণা নিয়ে কাজ যাচ্ছে উদ্যমী একদল মেয়েরা। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ অফিসার ফখরুন নাহার আন্নার সঙ্গে কথা হয়ে জানা গেল তাদের কর্মকাণ্ড সম্পর্কে। ২০১৯ সালের মে মাস থেকে শুরু হয় তাদের আনুষ্ঠানিক কর্মকাণ্ড। আন্না ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্সে, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করার সময় পুষ্টি নিয়ে কাজ করার কথা চিন্তা করেন। ডিসকভার দ্য পাওয়ার অব নিউট্রিশন ক্লাবের সাধারণ সম্পাদক, ইজি ডায়েট বিডি লিমিটেডের সিনিয়র ডায়েট এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছেন। এসব জায়গা থেকে একটা সম্মুখ ধারণা তৈরি হয় তার। অবশেষে তার আইডিয়াকে কাজে লাগান ব্যবসা ও পুষ্টি সেবার জন্য। তারা বিভিন্ন পারিবারিক, অফিস-আদালত, বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠানের বিভিন অনুষ্ঠানে ক্যাটারিং  সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস দিয়ে থাকেন। তারা পুষ্টি সেবার আগে আমন্ত্রিত অতিথিদের রোগব্যাধি বা পুষ্টিগত চাহিদা সম্পর্কে জেনে নেন তারা।

অনুষ্ঠানের দিন নির্দিষ্ট কিছু রোগের ব্যক্তিদের জন্য আলাদা ডায়েট কর্নার তৈরি করেন তারা। এসব রোগের মধ্যে রয়েছে ডায়েবেটিস, গাইনি। এদের জন্য অভিজ্ঞ সেফ ও নিউট্রিশনিস্টের সাহায্য নিয়ে তৈরি করা হয় খাবার মেন্যু। পরিমাণ মতো খাবার দেয়া, তেল-মসলা-লবণ পরিমাণমতো দেয়াসহ নানা চিন্তা মাথায় রেখে মেন্যু নির্ধারণ করেন তারা। সাধারণত ছোটোখাটো অনুষ্ঠানে তারা গুগল ফরমের সাহায্যে জেনে নেন অতিথিদের বিস্তারিত। যদি বড়ো কোনো অনুষ্ঠান হয় তবে একটা আনুমানিক ধারণা দিয়ে ডায়েট তৈরি করেন তারা। তাদের সংগঠনে বর্তমানে ৫০ জন ভলান্টিয়ার রয়েছে। সাধারণ ব্যবস্থাপক হিসেবে রয়েছে অর্পিতা সাবিত্রী চৌধুরী, অর্থ ব্যবস্থাপক হিসেবে সুরাইয়া আক্তার তিষা, মার্কেটিং ম্যানেজার হিসেবে নাজাত আরা আহমেদ, খসড়া ও কারুশিল্প ব্যবস্থাপক হিসেবে আছেন ইফাত আরা ঋতু। তারা একইসাথে ব্যবসা ও পুষ্টিসেবা দেয়ার কাজ করে যেতে চান।

নারী উদ্যোক্তা তৈরিতে কাজ করে যেতে চান। বিভিন্ন প্রশিক্ষণ, আইডিয়া শেয়ারিং, মেলাসহ বিভিন্ন কার্যক্রম করার ইচ্ছা রয়েছে তাদের। তাদের মূল শ্লোগান হচ্ছে ‘নাউ অকেশনস উইল বি মোর ফান অ্যান্ড হেলদি’ তাদের সংগঠনের শক্তি হচ্ছে তাদের ভলান্টিয়াররা। তাদের পাশে সুশীতল ছায়ার মতো পাশে দাঁড়িয়েছেন ট্যাক্স কমিশনার ফজলুল হক আরিফ। নিউট্রিপ্রেনার বিডি মাথা তুলে দাঁড়ানোর পেছনে তার অবদান অপরিসীম। ক্যাটারিং সার্ভিসের এই দারুণ আইডিয়া নিয়ে কাজ করে ইতোমধ্যেই তারা সাড়া ফেলেছেন চারিদিকে। সম্প্রতি বিডিওএসএন এর নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত বুট ক্যাম্পে সেরা আইডিয়া হিসেবে বিজয়ী হয়েছেন ফখরুন নাহার আন্নার নিউট্রিপ্রেনার বিডি। ইচ্ছা আছে আরো অনেক ভিন্নধর্মী কাজ করার। আর তারা ফেব্রুয়ারিতে বাংলাদেশ ইটিং ডিসঅর্ডার ডে তে বড়ো ধরনের একটা সারপ্রাইজ দিতে চাচ্ছেন দেশবাসীকে।