মুহম্মদ জাফর ইকবালের (মূল গল্প:আঁখি এবং আমরা ক’জন) গল্প অবলম্বনে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র ‘আঁখি ও তার বন্ধুরা’ চ্যানেল আইতে দেখানো হবে আগামীকাল বিকেল ৩টা ০৫ মিনিটে। এটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, তারিক আনাম খান, আফসানা মাহমুদ, আল মনসুন, সুস্মিতা সিনহা, মুনিরা ইউসুফ মেমি, জাহিন নাওয়ার হক ইশা (আঁখি), অনন্য সামায়েল (তিতু), জুয়াররিয়া আহমেদ প্রত্যাশা প্রমুখ।
বাসা ও স্কুল মিলিয়ে তিতুর জীবন দুর্বিষহ। সেখানে তেমন পড়ালেখা হয় না, না বুঝে মুখস্থ করতে হয়। এমন সময় তিতুদের স্কুলে নতুন হেড হয়ে আসেন ড. রাইসা। তিনি সব কিছু বদলে দিতে থাকেন। বেত পুড়িয়ে শিক্ষার্থীদের শারীরিক শাস্তির প্রথা বন্ধ করেন। লাইব্রেরি খুলে দেন। ধমক না দিয়ে সবার সঙ্গে হেসে কথা বলেন।