সাভারে বাসের চাকায় পিষ্ট হয়ে রিকশাচালকের মৃত্যু

সাভারে বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। নিহত ওই রিকশাচালকের নাম আনছার আলী (৪০)। মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। তবে ঘাতক বাসটিকে আটক করতে পারেনি। নিহত আনছার আলী জয়পুরহাট জেলার পাচবিবি থানার রাধাপুর গ্রামের বাসিন্দা। তিনি সাভারের সেনওয়ালিয়া গ্রামে ভাড়া বাসায় থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের সিএমপি সেন্টারের সামনে ব্যাটারিচালিত ওই রিকশাটি ডিভাইডার দিয়ে সড়ক পার হওয়ার চেষ্টা করছিলো। এ সময় নবীনগর থেকে ঢাকাগামী রাজধানী পরিবহনের একটি বেপরোয়া গতির বাস রিকশাটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ওই রিকসাচালকের মাথা বাসের চাকায় পিষ্ট হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়।

আরও পড়ুন: গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হেল বাকী বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত রিকশাচালকের লাশটি উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সাথে ঘাতক বাসটিও সনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।

ইত্তেফাক/নূহু