সৈয়দপুরে ৯২০ টাকার এলপিজির দাম ১০৫০!

ভোক্তারা বিপাকে

g সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারীর সৈয়দপুরে এলপিজির (লিকুইড পেট্রোলিয়াম গ্যাস) দাম বাড়ায় বিপাকে পড়েছেন ভোক্তারা। যে গ্যাস কয়েক দিন আগে ৯২০ টাকা ছিল, তা ১ হাজার ৫০ টাকায় গিয়ে ঠেকেছে।

শহরের পুরাতন বাবুপাড়ার মাহবুব আলী জানান, গত মাসের তুলনায় প্রতিটি সিলিন্ডার (১২ কেজি) বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ২০০ টাকা বেশি দরে।

তিনি বলেন, পরিবারের রান্নাসহ অন্যান্য জ্বালানিকাজে ব্যবহূত গ্যাসের হঠাত্ দাম বাড়ায় বিপাকে পড়েছে ভোক্তাসহ ব্যবসায়ীরা। বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, ১২ কেজি ওজনের বিভিন্ন কোম্পানির এলপিজি গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ টাকা থেকে ১ হাজার ১৫০ টাকা পর্যন্ত। গত ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত সমপরিমাণ গ্যাসের দাম ছিল ৯০০ থেকে ৯৫০ টাকা। যা আগের তুলনায় প্রতি সিলিন্ডারে দামের বর্তমান পার্থক্য ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত।

সৈয়দপুরের আজিম উদ্দিন হোটেলের পরিচালনাকারী রঞ্জন বাবু বলেন, ‘দোকানে ও বাসায় জ্বালানিরকাজে সিলিন্ডার গ্যাস ব্যবহার করি। আজকে গ্যাস শেষ হওয়ায় কিনতে গিয়ে দেখি দাম বেড়েছে। যে গ্যাস আগে ৯০০ টাকায় কিনেছিলাম তা আজ কিনলাম ১ হাজার ১০০ টাকায়। এখন জ্বালানির খরচ বাড়ায় দোকানে লাভ কম হবে।’

এ ব্যাপারে শহরের বসুন্ধরা ও যমুনা এলপিজি গ্যাসের পরিবেশকরা বলেন, ‘চলতি মাসের ১ তারিখ থেকে বিভিন্ন কোম্পানি গ্যাসের দাম বাড়িয়েছে। এ কারণে বাড়তি দামে আমাদের উত্তোলন করে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করতে হচ্ছে। এতে আমাদের করার কিছু নেই।’

তারা বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কথা কোম্পানি থেকে আমাদের জানানো হয়েছে।

জেলা মার্কেটিং ও এলপিজি গ্যাস নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব এ টি এম এরশাদ আলম খাঁন জানান, বর্তমানে এলপিজি গ্যাস নিয়ন্ত্রণ করে জেলা প্রশাসন। এ ব্যাপারে, তারাই (জেলা প্রশাসন) ভালো বলতে পারবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও এলপিজি গ্যাস নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক আজাহারুল ইসলাম বলেন, এলপিজি গ্যাস বাজারে বিক্রির নির্ধারিত মূল্য আছে। বর্তমানে দাম বেড়েছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। দাম না বাড়লেও বেশি দামে বিক্রি করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।