ঝিকরগাছায় তুলা চাষে ব্যাপক সাড়া

g ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা

ঝিকরগাছ উপজেলার দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এ বছর ব্যাপক তুলা চাষ হয়েছে। উপজেলার শিওরদাহ, আশিংড়ী, কানারালী, গাবুড়াপুর, কুলিয়া প্রভৃতি গ্রামে ব্যাপক তুলা চাষ হয়েছে।

অন্যান্য বছরের চেয়ে এবার দুই দুইবার প্রাকৃতিক দুর্যোগ সত্বেও তুলা উত্পাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে উপজেলা তুলা উন্নয়ন বোর্ডের ঝিকরগাছা ইউনিট অফিসার বিধান চন্দ্র সরকার জানিয়েছেন।

শিওরদাহ গ্রামের তুলা চাষি মো. মিজানুর রহমান জানিয়েছেন, তুলা চাষ লাভজনক। প্রতি বিঘায় তুলা চাষে খরচ ৫/৭ হাজার টাকা। তুলা বিক্রি হয় ২৫ হাজার টাকা। এখানে অন্যান্য চাষের চেয়ে লাভ বেশি।

আশিংড়ী গ্রামের তুলা চাষি মনিরুল ইসলাম জানিয়েছেন, তুলা চাষ পরিবেশবান্ধব। তুলা চাষ থেকে রান্নাবান্নায় কাঠের বিকল্প জোগান দেয়। অন্যান্য চাষের খরচ ও লাভ ব্যাপক পার্থক্য থাকায় তুলা চাষ করি। কানারালী গ্রামের তুলা চাষি হাজি জয়নাল আবদিন বলেন, বিক্রির কোনো ঝামেলা নেই। তুলা উন্নয়ন বোর্ড নিজ উদ্যোগে তুলা ক্রয় করে।

কুলিয়া গ্রামের তুলা চাষি সামছুর রহমান জানিয়েছেন, তুলা উন্নয়ন বোর্ডের সহজ শর্তে ঋণ ও সার পাওয়া যায় বলে তুলা চাষে আগ্রহী হয়েছি। লাভজনক ও অন্যান্য আরো দুই ফসল উত্পাদন করা যায়। এলাকার তুলা চাষিরা রূপলী এক ও লালতীর তুলার বীজ সাধারণত বপন করে থাকে।

তুলা উন্নয়ন বোর্ডের যশোর জেলা প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মো. কতুবুদ্দিন জানিয়াছেন, জেলার ঝিকরগাছা উপজেলার চাষিরা তুলা উত্পাদনে বিপ্লব ঘটাতে যাচ্ছে। এভাবে ক্রমাগত তুলা চাষ হতে থাকলে ঝিকরগাছা উপজেলা দেশের তুলা উত্পাদনে মডেল উপজেলায় পরিণত হবে অচিরেই।