ওত পেতে আছে ভাঙা কালভার্ট!

তাহিরপুর-ট্যাকেরঘাট সড়ক

পড়লেই ক্ষতি

g  তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

সুনামগঞ্জের তাহিরপুরে ভাঙা কালভার্টের ওপর দিয়ে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যাতায়াত করছে উপজেলার চার ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষ। যে কোনো সময় দুর্ঘটনায় আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিন দেখা গেছে, তাহিরপুর-ট্যাকেরঘাট যাওয়ার রাস্তায় রতনশ্রী গ্রাম হতে দুই কিলোমিটার উত্তর দিকে যাওয়ার পর দেখা যায় কালভার্টের ওপর শুধু রড। বালু, পাথর খসে গেছে আগেই।

উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন, তাহিরপুর সদর ইউনিয়ন, দক্ষিণ বড়দল ইউনিয়ন ও উত্তর বড়দল ইউনিয়নের প্রায় দেড় লক্ষাধিক বাসিন্দা এ রাস্তা দিয়েই উপজেলা সদর, তিনটি শুল্ক স্টেশন শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া, চারাগাঁও, বাগলী ও পর্যটন এলাকা ট্যাকেরঘাটে যাতায়াত করে থাকেন।

এ রাস্তা দিয়ে চলাচলকারী দক্ষিণ বড়দল ইউনিয়নের জামলাবাজ গ্রামের আক্তারুজ্জামান বলেন, ‘কিছুদিন আগে তিনি মোটরসাইকেল করে তাহিরপুর উপজেলা সদর হতে নিজ গ্রাম জামলাবাজে ফেরার পথে ভাঙা কালভার্টে পড়ে দুর্ঘটনায় আহত হন।’ একই অবস্থার কথা জানালেন বড়দল গ্রামের উজ্জ্বল মিয়া। বললেন, ‘রাতে বাড়ি ফিরতে তিনি কালভার্টের ওপর পড়ে হাতে-পায়ে মারাত্মক ব্যথা পান।’

এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত অটোরিকশা ও কৃষি কাজে ব্যবহূত পাওয়ারটিলার চলাচল করে। যে কোনো সময় এসব উলটে প্রাণনাশের আশঙ্কা রয়েছে। বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহার আলী বলেন, ‘কালভার্টটি মেরামতের জন্য টেন্ডার হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা হবে।’

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল বলেন, ‘তাহিরপুর-ট্যাকেরঘাট রাস্তায় ভেঙে যাওয়া কালভার্টসহ ছয়টি কালভার্ট নির্মাণের জন্য টেন্ডার হয়েছে। কাজটি দ্রুত করার জন্য তিনি উপজেলা প্রকৌশলীকে তাগিদ দিয়েছেন।’

উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জি বলেন, ‘বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বলা হয়েছে—জনগণ চলাচলের সুবিধার্থে কাজটি যেন তাড়াতাড়ি শেষ করা হয়।