বরিশালসহ উপকূলীয় ১৩ জেলা
g বরিশাল অফিস
বরিশালসহ উপকূলীয় ১৩ জেলায় শুরু হয়েছে মত্স্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য অবৈধ জাল নির্মূলকরণ সংক্রান্ত ‘বিশেষ কম্বিং অপারেশন-২০২০’। মঙ্গলবার সকাল ১০টায় বরিশালের কীর্তনখোলা নদী থেকে কোস্টগার্ডের সহায়তায় জেলা মত্স্য অফিস এই অভিযান শুরু করে। পরে জেলার বিভিন্ন নদীতে অভিযান চালানো হয়।
এ সময় জেলা মত্স্য কর্মকর্তা মো. আবু সাইদ জানান, মত্স্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য অবৈধ জাল নির্মূলের লক্ষ্যে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে প্রথম ধাপে ৭ থেকে ১৩ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপে ২১ থেকে ২৮ জানুয়ারি এই অভিযান পরিচালিত হবে। সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এই অভিযানে মত্স্য বিভাগকে সহযোগিতা করছে। মত্স্য সম্পদ বৃদ্ধির চেষ্টার অংশ হিসেবে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, কক্সবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, মুন্সিগঞ্জ, নোয়াখালী, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় এই অভিযান শুরু হয়েছে।