টিলা কেটে পাথর উত্তোলন
g ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলন ও বিক্রি করার অপরাধে দুই ব্যক্তিকে আটক ও তিনটি ট্রলি জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে টিলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম কবির। আটকরা হলেন—ইসলামপুর ইউনিয়নের কুমারদানী গ্রামের কুটি মিয়ার ছেলে রুকন মিয়া (৫৫) ও শহরের মন্ডলীভোগ এলাকার আকবর আলীর ছেলে ট্রলিচালক সুয়েব মিয়া (২৩)। মঙ্গলবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদা সোবহানের টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় এবং পাথর বহনকারী তিনটি ট্রলি জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
পাথরসহ জব্দকৃত তিনটি ট্রলি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। অভিযানে ছিলেন ছাতক থানার এএসআই শাহ জামাল ও মহিউদ্দিন।