বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
সিলেটের বিশ্বনাথে বাড়ির রাস্তা নির্মাণ নিয়ে বিবদমান দুই পক্ষের সংঘর্ষে অনন্ত ১০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার রামপাশা ইউনিয়নের নরসিংপুর গ্রামের সাজ্জাদ আলী ও আজিরউদ্দিন লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঐ রাস্তা নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।