g ইত্তেফাক রিপোর্ট
রাজস্ব আদায়সহ সার্বিক রাজস্ব সংক্রান্ত কার্যক্রম ও ব্যবস্থাপনায় প্রযুক্তিতে নজর দিতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিশেষত অনলাইনভিত্তিক স্বয়ংক্রিয় রাজস্ব ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করতে চান এনবিআরে নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এছাড়া নতুন ভ্যাট আইন কার্যকর করার মাধ্যমে রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জন করতে চান তিনি। গতকাল মঙ্গলবার রাজস্ব ভবনে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এসব ইস্যুতে কথা বলেছেন তিনি। এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সভায় এনবিআরের পক্ষ থেকে নতুন চেয়ারম্যানের কাছে বিগত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের রাজস্ব আদায় পরিস্থিতি তুলে ধরা হয়েছে। একই সঙ্গে আদায় কাঙ্ক্ষিত মাত্রায় না হওয়ারও কিছু কারণ তুলে ধরা হয়েছে। এছাড়া এনবিআরের বিদ্যমান কাঠামো সম্পর্কেও নতুন চেয়ারম্যানকে ধারণা দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইত্তেফাককে বলেন, এনবিআরের বর্তমান অবস্থা, জনবল কাঠামো এবং রাজস্ব আদায় বিষয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে অবহিত করা হয়েছে। তিনি বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে আরো ভালোভাবে অবহিত হতে চাইছেন। এর পর সহসাই কিছু সুনির্দিষ্ট নির্দেশনা আসতে পারে। তবে এনবিআরের কার্যক্রমকে ডিজিটালাইজেশনের আওতায় আনার বিষয়ে গুরুত্ব দিয়েছেন তিনি।
সম্প্রতি এনবিআরের চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আবু হেনা মো. রহমাতুল মুনিম। এর আগে তিনি বিদ্যুত্ ও জ্বালানি বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এনবিআরের চেয়ারম্যান হিসেবে দুই বছর দায়িত্ব পালন শেষে গত ৩ জানুয়ারি অবসরে গেছেন মোশাররফ হোসেন ভুঁইয়া।