মার্কিন বাহিনীর ইরাক ছাড়ার ‘বার্তা’ অস্বীকার যুক্তরাষ্ট্রের

কিছু সৈন্য প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নিচ্ছে জার্মানি

g বিবিসি ও রয়টার্স

ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, মার্কিন এক জেনারেলের চিঠি থেকে এমন বার্তা ছড়িয়ে পড়লেও তা অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী। সোমবার ওয়াশিংটন ডিসিতে পেন্টাগনের এক সংবাদ সম্মেলনে মন্ত্রী মার্ক এস্পার বলেন, ‘ছেড়ে যাওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।’ এদিকে নিরাপত্তার কারণে ইরাক থেকে কিছু সৈন্যকে প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি।

ইরাকের পার্লামেন্ট সদস্যরা মার্কিন বাহিনীকে ইরাক ছাড়ার আহ্বান জানানোর পর ‘কম্বাইন্ড জয়েন্ট অপারেশন্স’ এর উপপরিচালক আবদুল আমিরকে পাঠানো মার্কিন জেনারেলের ঐ চিঠিতে বলা হয়, ‘আসছে দিন ও সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র বাহিনীগুলোর অবস্থান পুনর্বিন্যাস করতে পারে।’ চিঠিটি ইরাকে মোতায়েন মার্কিন মিলিটারি টাস্ক ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল উইলিয়াম এইচ সিলে পাঠিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। এতে বলা হয়, ‘স্যার, রিপাবলিক অব ইরাকের সার্বভৌমত্বের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা জানিয়ে এবং ইরাকি পার্লামেন্ট ও প্রধানমন্ত্রী দ্বারা অনুরুদ্ধ হয়ে সিজেটিএফ-ওআইআর (কম্বাইন্ড জয়েন্ট টাস্ক ফোর্স-অপারেশন ইনহ্যারেন্ট রিসলভ) এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে আসছে দিন ও সপ্তাহগুলোতে বাহিনীগুলোর অবস্থান পুনর্বিন্যাস করতে পারে।’ বাগদাদের গ্রিন জোনে জোট বাহিনীর আরো সেনা আনা হচ্ছে না, চিঠিতে এমন নিশ্চয়তাও দেওয়া হয়।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এস্পার বলেন, ‘ইরাক ছেড়ে যাওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। আমি জানি না, ঐ চিঠিটি কী। তাতে কী আছে, কোথা থেকে এসেছে আমরা তা বের করার চেষ্টা করছি।’ মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ মার্ক মিলি ঘটনাটি ‘ভুল’ করে হয়েছে বলে মন্তব্য করেছেন। চিঠিটি দুর্বল শব্দে লেখা একটা খসড়া ছিল বলে জানিয়েছেন তিনি। চিঠিটিতে কোনো স্বাক্ষর করা হয়নি এবং এটি প্রকাশ করাও উচিত হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। চিঠিটি বিভিন্ন হাত ঘুরে সাংবাদিকদের হাতে এসে পড়ে ‘হট্টগোল’ বাধিয়েছে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন তিনি। ইরাক থেকে মার্কিন সৈন্যরা সরছে না বলে তিনিও নিশ্চিত করেন।

এদিকে নিরাপত্তার কারণে ইরাক থেকে কিছু সৈন্যকে প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। এক চিঠিতে জার্মান সরকার দেশটির সংসদকে জানিয়েছে, ইরাকি নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণের জন্য বাগদাদে নিয়োজিত জার্মানির ১২০ সৈন্যের মধ্যে প্রায় ৩০ জনকে জর্ডান এবং কুয়েতে পুনর্মোতায়েন করা হবে। বাকি ৯০ জন ইরাকের উত্তরাঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকায় মোতায়েন থাকবে।