নোবেলজয়ী অভিজিতের উদ্বেগ
নািস যুগের দিকে এগিয়ে যাওয়া জার্মানির সঙ্গে বর্তমান ভারতের খুবই মিল রয়েছে বলে মনে করছেন নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। একটি টিভি চ্যানেলকে তিনি বলেন, ‘আমার মনে হয়, বিশ্বের দরবারে ভারতের ভাবমূর্তি নিয়ে চিন্তিত যে কোনো ভারতীয়ই উদ্বিগ্ন বোধ করছেন। বর্তমান ভারতের সঙ্গে নািস শাসনের দিকে এগিয়ে চলা জার্মানির বড্ড বেশি মিল দেখা যাচ্ছে।’ অভিজিতের মতে, ভারত বলতে যা বোঝায়, সেই ধারণাটিই আজ সংকটের মুখে। তিনি বলেন, দেশে ভিন্ন মতের পরিসর নষ্ট হওয়ার যে সম্ভাবনা দেখা যাচ্ছে, তা ‘ভারত নামক প্রকল্পটিকে বিপন্ন করে তোলে।’
রবিবার জেএনইউ ক্যাম্পাসে গুন্ডা বাহিনী তাণ্ডব চালায়। ছাত্রছাত্রী-শিক্ষকসহ অনেকে আহত হন। ঐ ঘটনার সূত্র ধরেই অভিজিতের এই মন্তব্য। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেন, ‘কী ঘটেছে, সে ব্যাপারে সত্য উদ্ঘাটন করুক মোদি সরকার। দোষারোপ আর পালটা দোষারোপের কোরাসে সত্যটা যেন ডুবে না যায়।’ উল্লেখ্য অভিজিত্ জেএনইউর প্রাক্তন ছাত্র। খবর আনন্দবাজার পত্রিকা ও টাইমস অব ইন্ডিয়ার।