থামতে চান না লাবুশেন

সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাকানোর পর দল জিতেছে। মার্নাস লাবুশেন পেয়েছেন ম্যাচ-সেরা ও সিরিজ-সেরার পুরস্কার। তিনি বলেন, ‘থামার কোনো ইচ্ছে আমার নেই। গ্রীষ্মে বাকি যেটুকু সময় আমি পাব তাতে এর প্রতিফলন থাকবে। এটি আমার জন্য খুবই স্পেশাল একটি গ্রীষ্ম। তবে সত্যিকার অর্থে আমার কাছে বেশি গুরুত্ব পাচ্ছে এই দলের সঙ্গে খেলতে পারা।’ গেল অ্যাশেজে ৫০.৪২ গড়ে তিনি সংগ্রহ করেন ৩৫৩ রান। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুটি সেঞ্চুরি হাকানো লাবুশেন ১৭৩.৫০ গড়ে সংগ্রহ করেছেন ৩৪৭ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেকে আরেকটি স্তরে পৌঁছে দিলেন তিনি। মাত্র পাঁচ মাসের মধ্যেই বিশ্ব ক্রিকেট তারকাদের কাতারে স্থান করে নিলেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। দুই হাতের ক্যারিশমায় ১১০তম স্থান থেকে একেবারেই ব্যাটিং র্যাংকিংয়ের চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি।