ইব্রাহিমোভিচের মিলান অধ্যায় শুরু

সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে তার এসি মিলান অধ্যায় শুরু করেছেন। যদিও বিপক্ষ সাম্পদোরিয়া তার দলকে গোলশূণ্য ড্রয়ে বাধ্য করে। বর্তমানে ৩৮ বছর বয়সি সুইডিশ ২০১০-১১ মৌসুমে এসি মিলানকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিলেন এবং এ দফায় ছয় মাসের জন্য খেলতে এসেছেন ইতালির ক্লাবটিতে।  বদলি হিসেবে ৫৫ মিনিটে খেলতে নেমে দুবার হেডে সুযোগ পেয়েছিলেন তিনি। এর একটি গোললাইন থেকে ফিরিয়ে দেওয়া হয়। অপরটি রক্ষা করেন গোলরক্ষক। লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর মুক্ত হয়ে গিয়েছিলেন ইব্রা। এসি মিলানের সঙ্গে চুক্তিটা ছয় মাসের হলেও পরে দুই পক্ষের সম্মতিতে এটি এক বছরের জন্য বাড়তে পারে।