বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ২০২০
আজ শুরু
বঙ্গবন্ধু গোল্ডকাপের অনুশীলন
স্পোর্টস রিপোর্টার
গেল মাসে এসএ গেমসে সোনার লক্ষ্য নিয়ে নেপাল গেলেও কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হয়নি বাংলাদেশের। সে ব্যর্থতা বঙ্গবন্ধু গোল্ডকাপে ভালো ফল দিয়ে ভুলতে চায় কোচ জেমি ডের শিষ্যরা। এমনটাই জানিয়েছেন জাতীয় দলের ফরোয়ার্ড সোহেল রানা। সে লক্ষ্যে আজ বুধবার থেকে কমলাপুর স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে বাংলাদেশ ফুটবল দল।
সদ্যই বিয়ের পিঁড়িতে বসা অধিনায়ক জামাল ভুঁইয়া দলে যোগ দেননি এখনো। আগামীকাল বৃহস্পতিবার সাইফ স্পোর্টিং অধিনায়ক দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন জাতীয় ফুটবল দলের ম্যানেজার সত্যজিত্ দাস রুপু। এছাড়াও দুদিন আগেই ফেডারেশন কাপ ফাইনাল খেলা বসুন্ধরা কিংস থেকে দলে সুযোগ পাওয়া ১০ খেলোয়াড়কে দেওয়া হয়েছে বাড়তি বিশ্রাম। এই ১১ জন দলে যোগ দেবেন আগামীকাল।
এছাড়া গতকাল মঙ্গলবার বাকি ১২ সদস্য এসে যোগ দিয়েছেন দলে। গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, সোহেল রানা, ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফি, রহমত মিয়া, টুটুল হোসেন বাদশা, মিডফিল্ডার মামুনুল ইসলাম, প্রথমবারের মতো দলে সুযোগ পাওয়া মানিক মোল্লা, রাকিব, সোহেল রানা ও ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন, সাদউদ্দীন, আরিফুর রহমানকে নিয়েই আজ শুরু হবে জাতীয় দলের অনুশীলন।
কোচ জেমি ডে ছুটি কাটিয়ে এখনো দেশে ফেরেননি। আগামীকাল সকালে ঢাকায় পা রাখবেন তিনি। সহকারী কোচ স্টুয়ার্ট পল ওয়াটকিসের অধীনেই প্রথম দিনের অনুশীলন শেষ করবে জাতীয় দল।
স্বাগতিক বাংলাদেশ ১৫ জানুয়ারি ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের অভিযান শুরু করবে। এর পর ১৯ জানুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে দলটি। তবে প্রতিযোগিতার দুই সেমিফাইনালের সঙ্গে ফাইনালের ব্যবধানটা এবারও খুবই কম রাখা হয়েছে। ২২ ও ২৩ জানুয়ারি দুই সেমিফাইনাল হওয়ার পর শিরোপার লড়াই হবে আগামী ২৫ জানুয়ারি। ফলে দ্বিতীয় সেমিফাইনাল থেকে ফাইনালে ওঠা দল প্রস্তুতির সময় পাবে মোটে এক দিন! এ গ্রুপের রানার্স আপ হয়ে শেষ চারে উঠলে দলটা বাংলাদেশ হয়ে যাওয়াও খুব সম্ভব।
মিডফিল্ডার সোহেল রানা জানালেন টুর্নামেন্টে সাফল্য দিয়ে এসএ গেমসের ব্যর্থতা পেছনে ফেলার সুযোগটা নিতে চায় বাংলাদেশ। গতকাল সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এসএ গেমসে সোনার প্রত্যাশা নিয়ে গেলেও সেটা পূরণ করতে ব্যর্থ হয়েছি আমরা। এবার বঙ্গবন্ধু গোল্ডকাপে ভালো ফলাফল করে সে ব্যর্থতা ভুলতে চাই।’
সূচি (এ গ্রুপ)
দিন ম্যাচ সময়
১৫ জানুয়ারি বাংলাদেশ-ফিলিস্তিন বিকাল ৫টা
১৭ জানুয়ারি ফিলিস্তিন-শ্রীলঙ্কা বিকাল ৫টা
১৯ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা বিকাল ৫টা
২২-২৩ জানুয়ারি সেমিফাইনাল বিকাল ৫টা
২৫ জানুয়ারি ফাইনাল বিকাল ৫টা