গোপালগঞ্জে চ্যাম্পিয়ন বাসুড়িয়া ও গুয়াধানা স্কুল

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপে টুঙ্গিপাড়ার বাসুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা গোল্ডকাপে গুয়াধানা-সিলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন হয়েছে।

গত সোমবার স্থানীয় শেখ মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে টুঙ্গিপাড়ার বাসুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-২ গোলে  গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়। বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে টুঙ্গিপাড়া উপজেলার গুয়াধানা-সিলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা উপস্থিত ছিলেন।