বিশিষ্ট নাগরিকদের নিন্দা
ইত্তেফাক রিপোর্ট
উত্তরায় মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডা. সারওয়ার আলীর বাড়িতে ঢুকে সপরিবারে হত্যা চেষ্টার ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন ঐ বাড়ির দারোয়ান হাসান ও তার চাকরিচ্যুত গাড়িচালকের বন্ধু হাফিজুল। রবিবার রাত ১০টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরে সারওয়ার আলীর বাড়ির তৃতীয়তলা ও চতুর্থতলায় এ হত্যা চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় তিনি বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় দুই জনের নাম উল্লেখ করে মোট সাত জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। এই মামলায় গ্রেফতারকৃত দুই আসামিকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল আদালতে পাঠায় পুলিশ। রিমান্ড আবেদন শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, সারওয়ার আলীর গাড়িচালক নাজমুলকে চাকরিচ্যুত করার জের ধরেই দুর্বৃত্তরা এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার পর ঐ বাড়ি থেকে হামলাকারীদের ফেলে যাওয়া সাতটি চাপাতি, একটি মোবাইল ফোন ও দড়ি উদ্ধার করা হয়েছে।
মুক্তিযোদ্ধা, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডাক্তার সারওয়ার আলীকে সপরিবারে হত্যার চেষ্টায় ২৫ বিশিষ্ট নাগরিক বিবৃতি জানিয়েছেন। বিবৃতিতে গভীরভাবে উদ্বিগ্ন প্রকাশ করে তারা বলেছেন, ঘটনাটি খুবই পরিকল্পিত। দীর্ঘ সময় থেকে যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির চক্র ধারাবাহিকভাবে মুক্তিযুদ্ধের শেষ সময়ে যেভাবে বিভিন্ন শ্রেণি-পেশার সমাজ ও মুক্তচিন্তার মানুষদের হত্যা করে দেশকে মেধা ও প্রগতিশীল চিন্তার নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল, এখনো তারা সক্রিয় ও ষড়যন্ত্রে লিপ্ত। ইতিমধ্যে এই অপশক্তি বিভিন্ন পেশার চিন্তাশীল মানুষের তালিকা তৈরি করে হুমকি ও প্রাণনাশের ঘটনা ঘটিয়েছে। আমাদের বিবেচনায় ডাক্তার সারওয়ার আলী ও তার পরিবারের সকলকে হত্যা চেষ্টা তারই ধারাবাহিকতার একটি অংশ।
এ ঘটনার প্রতিবাদে আগামী ১৩ জানুয়ারি বিকাল ৩টায় জাতীয় জাদুঘরের সামনে নাগরিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি জিয়াউদ্দিন তারেক আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আজিজুর রহমান, অধ্যাপক এম এম আকাশ, জেএসডির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাসদ সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি, সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ডা. অসিত বরণ রায়, ঢাবির শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির, মানবাধিকারকর্মী খুশি কবীর প্রমুখ।