খালেদা জিয়াকে জামিন না দেওয়া সংবিধান লঙ্ঘন :ড. কামাল

সংবিধানের অন্যতম প্রণেতা জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিত্সাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন দেওয়া নিয়ে আদালতের টালবাহানার নিন্দা জানিয়ে বলেছেন, খালেদা জিয়ার জামিন না দেওয়া সংবিধানের লঙ্ঘন। সংবিধানের বাইরে কেউ নন। সংবিধানের কর্তব্য পালনে সবাই বাধ্য। খালেদা জিয়ার চিকিত্সার ব্যাপারে আমাদের যে দাবি তা যদি না মানা হয় সেটাও অবশ্যই সংবিধান লঙ্ঘন। তিনি বলেন, তার উন্নত চিকিত্সার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াসহ অবিলম্বে তার মুক্তি দিতে হবে। ড. কামাল হোসেন বলেন, সম্প্রতি মিডিয়ায় প্রকাশিত তথ্যের আলোকে আমরা অবগত হয়েছি যে, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাগারে মারাত্মক অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। তার স্বাস্থ্যের গুরুতর অবনতির কারণে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমরা গভীর উত্কণ্ঠা ও উদ্বেগ প্রকাশ করছি। আমরা স্পষ্ট ভাষায় উল্লেখ করতে চাই যে, খালেদা জিয়ার কোনো অনভিপ্রেত ঘটনা হলে তার সমুদয় দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের কৌশল নির্ধারণ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, ঐক্যফ্রন্ট নেতা অধ্যাপক আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী, অধ্যাপক নুরুল আমিন বেপারী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট মহসীন রশীদ, মোস্তাক আহমেদ, শফিউদ্দিন স্বপন প্রমুখ।

খালেদা জিয়ার মামলায় ড. কামাল হোসেন লড়বেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বলার কথা না। যদি প্রয়োজন হয় অবশ্যই আমি উদ্যোগ গ্রহণ করব। আমিসহ আমরা সবাই আছি তার জামিনের ব্যাপারে। জামিনের ব্যাপারে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।