খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জরুরি ভিত্তিতে সুচিকিত্সা ও নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার বিকালে একটি বিক্ষোভ মিছিল শাহবাগ মোড় থেকে শুরু হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের (শেরাটন) সামনে দিয়ে সাকুরার মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে অংশ নেন বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রদলের সহসভাপতি ওমর ফারুক কাউসার, সহসাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন, ছাত্রদল নেতা আসলাম, যুবদল নেতা সোহেল প্রমুখ।

নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি দাবিতে এবং তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়েছে অন্যায়ভাবে সাজানো মামলায়।