গাজীপুরে অবৈধ ৮ ইটভাটাকে ৫৯ লাখ টাকা জরিমানা এক জনের জেল

গাজীপুর মহানগরীর কারখানা বাজার এলাকায় অভিযান চালিয়ে আটটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঐ সব ইটভাটার মালিককে ৫৯ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ৩৯ লাখ টাকা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানকালে স্টার ব্রিকসের ২০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ঐ ভাটার মালিক গিয়াস উদ্দিনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। এই অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাকছুদুল ইসলাম।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, গাজীপুর মহানগরীর কারখানা বাজার এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটটি অবৈধ ইটভাটা ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ইটভাটাগুলোর মধ্যে একতা ব্রিকসকে ৫ লাখ টাকা, মেসার্স রানা ব্রিকসকে ৬ লাখ টাকা, স্টার ব্রিকসকে ২০ লাখ টাকা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড, আরসিআর ব্রিকসকে ৬ লাখ টাকা, সাব-ব্রিকসকে ৫ লাখ টাকা, ভাই ভাই ব্রিকসকে ৫ লাখ টাকা, চাঁদতারা ব্রিকসকে ৬ লাখ টাকা এবং মদিনা ব্রিকস-২কে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ, দিলরুবা আক্তার এবং র্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।