বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)-এর ২০২০ শিক্ষাবর্ষের ‘ওপেনিং কনভোকেশন অ্যান্ড ফ্রেশার্স রিসেপশন-২০২০’ গতকাল মঙ্গলবার মিরপুর সেনানিবাসের বিইউপি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. এমদাদ উল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবর্তন বক্তা ছিলেন বিইউপির ‘বঙ্গবন্ধু চেয়ার’র প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রত্যেক অনুষদের নির্ধারিত প্রতিনিধি নিজস্ব পতাকা বহন করেন এবং অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ পতাকা বহরের মাধ্যমে তাদের আসন গ্রহণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব সরওয়ার স্বাগত বক্তব্য দেন।
উপাচার্য তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবোধসহ সততা ও নৈতিকমূল্যবোধ বজায় রাখা, ক্যাম্পাসকে সব প্রকার মাদকমুক্ত রাখাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়ম-কানুন তুলে ধরেন। পাশাপাশি ছাত্রদের পাঠে মনোযোগী হয়ে ও রাজনৈতিক কর্মকাণ্ডমুক্ত থেকে দেশের চলমান উন্নয়নে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেন। এসময় উপাচার্য ২০২০ শিক্ষাবর্ষের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. আবুল কাশেম মজুমদারসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, নবীন শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে দিনটি উদযাপিত হয় ।