ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের ফুটপাত দখল করে রেন্ট-এ কারের ব্যবসা করছে একটি চক্র। এ কারণে যানজটের পাশাপাশি পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। মহাসড়কের দুপাশেও এলোমেলো করে গাড়ি রাখার কারণে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করতে পারছে না। অপরদিকে গাড়ি পার্কিং থেকে প্রতিদিন চাঁদা আদায় করছে একটি চক্র।
সরেজমিনে দেখা গেছে, সাভার বাজার বাসস্ট্যান্ডের দুই পাশেই বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, ট্রাক সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ফুটপাত দখল করে রেন্ট-এ-কারের ব্যবসা চলছে। পুরো ফুটপাত জুড়ে মাইক্রোবাস ও প্রাইভেটকার পার্ক করে রাখা হয়েছে। একই কায়দায় ফুটপাত দখল করে গড়ে উঠেছে টিকিট কাউন্টার। ফুটপাত দখলের কারণে মানুষ বাধ্য হয়ে সড়কের ওপর দিয়ে চলাচল করছে। রাস্তার ওপর দিয়ে হাঁটতে গিয়ে দুর্ঘটনায় পড়ছেন অনেকেই।
সাভার বাজার বাসস্ট্যান্ডের ব্যবসায়ী আসলাম মিয়া বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। কিন্তু সাভারে চিত্র উলটো। বিভিন্ন যানবাহন এমনভাবে পার্ক করা থাকে যে, ফুটপাত দিয়ে হাঁটা দুষ্কর হয়ে পড়ে। একটি প্রভাবশালী চক্র ফুটপাত দখল করে গাড়ি পার্কিং বাণিজ্য ও মোটা অঙ্কের চাঁদা আদায় করছে।
প্রাইভেটকার চালক তসলিম উদ্দিন বলেন, বাজার বাসস্ট্যান্ডে গাড়ি পার্কিং-এর নির্দিষ্ট কোনো জায়গা নেই। তাই বাধ্য হয়ে ফুটপাতে তাদের গাড়ি রাখতে হয়। ফুটপাতে গাড়ি দাঁড় করিয়ে রাখায় চলাচলে অসুবিধা হওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, বিষয়টি বুঝলেও কিছু করার নেই। গাড়ি রাখার নির্দিষ্ট জায়গা থাকলে অবশ্যই কেউ ফুটপাত দখল করে গাড়ি রাখত না। তিনি দ্রুত গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের দাবি জানান। ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আবুল হোসেন বলেন, পথচারীদের চলাচলে যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় তার জন্য পুলিশ সচেষ্ট রয়েছে। তবে দিন দিন যানবাহন বৃদ্ধির কারণে অনেক ক্ষেত্রে একটু সমস্যায় পড়তে হচ্ছে।