সাভারে বাসা দেখানোর কথা বলে এক নারীকে ঘরের ভেতর আটকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে র্যাব রেজাউল করিম (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে । সোমবার সন্ধ্যায় পৌর এলাকার ডগরমোড়া মহল্লার হাবিবুর রহমানের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ঐ নারী সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় মামলা করেছেন। গ্রেফতারকৃত রেজাউল করিম সাভারের ডগরমোড়া এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে। সে ঐ এলাকার হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া থাকে।
র্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর শিবলী মোস্তফা মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার ডগরমোড়া মহল্লায় বাসা ভাড়া খুঁজতে যায় এক নারী। বাসা খোঁজার একপর্যায়ে রেজাউল করিম ঐ নারীকে বাসা দেখানোর কথা বলে সিআরপি এলাকায় একটি রুমে নিয়ে যায়। পরবর্তী সময়ে রেজাউল করিম ধর্ষণের উদ্দেশ্যে ঐ নারীকে জড়িয়ে ধরে কাপড় খোলার চেষ্টা করে। এ সময় রেজাউল করিমকে আঘাত করে দরজা খুলে বেড়িয়ে আসে ঐ নারী। পরে ঘটনাটি টহলরত র্যাবকে জানালে অভিযুক্ত রেজাউল করিমকে আটক করা হয়। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।