আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, সিটি নির্বাচন মামুলি বিষয় নয়, এটা রাজনৈতিক যুদ্ধ হিসেবে আমরা নিয়েছি। যদিও বিএনপি ইতিমধ্যে পরাজয় বরণ করতে শুরু করেছে। ভোটারদের কাছে ভোট না চেয়ে, ভোটের আগেই কারচুপির অভিযোগ তুলছে। ইভিএমের বিরোধিতা করছে। কিন্তু আমরা প্রতিপক্ষকে দুর্বল ভাবব না। তাদের সম্মুখে থেকেই ভোটের মাঠে মোকাবিলা করব।
গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সমর্থনে যুবলীগ আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ছাড়া আরো উপস্থিত ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, সাবেক প্রেসিডিয়াম সদস্য বেলাল হোসাইন, সাবেক যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, মামুনুর রশীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, সহসম্পাদক তাজউদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় ও ঢাকা উত্তর-দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আওতাধীন প্রতিটি ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে যুবলীগের নির্বাচনি টিম গঠন করা হয়। গঠিত টিমের নেতাদের বিনয়ের সঙ্গে ভোট প্রার্থনাসহ নির্বাচনের পুরো কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।