আদালতের পরোয়ানা না থাকলে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী ও সমর্থকদের গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। এ সংক্রান্ত নির্দেশনা ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) দেওয়া হয়েছে বলেও তিনি জানান। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। আগের দিন বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে ২১ দফা দাবি জানিয়েছিল। ঐ দাবির এক নম্বরে পুলিশি হয়রানি বন্ধে কমিশনের নির্দেশনা জারির কথা বলা হয়েছিল।
ইসি সচিব জানান, তবে নতুন কোনো ফৌজদারি অপরাধের সঙ্গে জড়ালে বা আদালতের পূর্বের পরোয়ানা থাকলে তবেই শুধু গ্রেফতার করা যাবে। আগামী ২২ জানুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচনের নিরাপত্তা কৌশল নিয়ে বৈঠক হবে। তখন এ বিষয়ে আরো নির্দেশনা দেওয়া হবে। বিএনপির ২১ দফা দাবির মধ্যে অন্যতম সাংবাদিকদের অবাধে ভোটকেন্দ্রে প্রবেশের দাবি জানানোর বিষয়ে ইসি সচিব বলেন, নির্বাচন কমিশনের দেওয়া পরিচয়পত্র নিয়ে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটকেন্দ্রে সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন। ভোট কক্ষের গোপন স্থান ছাড়া সর্বত্রই চলফেরার সুযোগ পাবেন। পোলিং অফিসার, প্রার্থীদের এজেন্টসহ সবার বক্তব্যও নিতে পারবেন সাংবাদিকরা।
সরকারি ক্যালেন্ডারে সরস্বতী পূজা ২৯ জানুয়ারি :এদিকে সরস্বতী পূজার দিনে ভোট গ্রহণের দিন নির্ধারণের বিষয়ে বিতর্কের জবাবে ইসি সচিব বলেছেন, সরকারি ক্যালেন্ডারে সরস্বতী পূজা ২৯ জানুয়ারি উল্লেখ রয়েছে। তাই কমিশন ৩০ জানুয়ারি ভোটের দিন ধার্য করেছে। এর আগে গতকাল সকালে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও ইসি সচিবের কাছে পৃথক চিঠি দিয়ে ভোটের সময় পরিবর্তনের দাবি জানানো হয়। একই কারণে নির্বাচন পেছানোর দাবি তুলেছিল বাংলাদেশ হিন্দু পরিষদ। এজন্য আদালতে একটি রিটও হয়েছে।
ইভিএমে বেশি খরচ :রাজনৈতিক দলের আপত্তি সত্ত্বেও ঢাকার দুই সিটি ভোটে ইভিএম ব্যবহারে অনড় ইসি। ইসি সচিব বলেন, কাগুজে ব্যালটের পরিবর্তে ইভিএম ব্যবহারে খরচ বেশি। কারণ এটা অনেক টেকনোলজি সংশ্লিষ্ট। সেখানে নানা রকম প্রশিক্ষণও দিতে হয়। ইসি সচিব জানান, ইভিএমে কারিগরি ত্রুটি দেখা দিলে প্রিজাইডিং অফিসার তা ঠিক করতে পারবেন না। এ কারণেই সেখানে টেকনিক্যাল এক্সপার্ট থাকবে। এজন্য অতিরিক্ত বাজেট করতে হচ্ছে।
ইভিএম ভীতি দূর করতে দক্ষিণে হেল্প ডেস্ক :দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, আমরা ৩০ ডিসেম্বর থেকে ভোটারদের ইভিএম বিষয়ে সহায়তা/সচেতন করতে একটি হেল্প ডেস্ক স্থাপন করেছি। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সেবা নিচ্ছেন সবাই।