গেইলদের ম্যাচ জেতালেন ইমরুল

বিপজ্জনক হয়ে উঠেছিলেন লিটন দাস। ৫৬ রান করার পর জিয়াউর রহমানের বলে আউট হলেন তিনি। মাঠে খুব বেশি দর্শক ছিল না। তাই দৃশ্যটা সেভাবে রঙিন হলো না। কারণ এই আউট হওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাংনাম ড্যান্স করলেন ক্রিস গেইল। বোঝালেন, তিনি এসে গেছেন।

গেইলের প্রথম ম্যাচটা জিতল চট্টগ্রাম। দলকে ৭ উইকেটের জয় এনে দিলেন দারুণ ফরমে থাকা ইমরুল কায়েস। তার কল্যাণে রাজশাহী রয়্যালসকে হারিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল চট্টগ্রাম।

আগে ব্যাট করা রাজশাহী ৮ উইকেটে করে ১৬৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন লিটন। তিনি ৪৫ বলে ৫টি চার ও ২টি ছক্কায় এই ইনিংস সাজান। এ ছাড়া শোয়েব মালিক ২৮, আন্দ্রে রাসেল ১০ বলে ২০ এবং ফরহাদ রেজা ৮ বলে ২১ রান করেন। রুবেল ২০ রানে ৩ উইকেট নেন।

জবাব দিতে নেমে চট্টগ্রামকে ঝড়ো সূচনা এনে দেন গেইল। তিনি ১০ বলে ২৩ রান করে আউট হন। এর পর দলকে জয়ের পথে নিয়ে যান লেন্ডল সিমন্স ও ইমরুল। সিমন্স ৪৩ বলে ৫১ রান করে আউট হন। আর ইমরুল ৪১ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ৬৭ রান করে অপরাজিত থাকেন।