লোকারণ্য বাজারে বোমা বিস্ফোরণ, নিহত ৩০

নাইজেরিয়ার সীমান্ত শহরে লোকারণ্য বাজারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দেশটির গ্যামবরু ও ক্যামেরুন সীমান্তের শহর ফটোকলকে যুক্ত করা সেতুর পাশের বাজারে এ বোমা বিস্ফোরণ ঘটে। জার্মান সম্প্রচার মাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, এতে কমপক্ষে ৩০ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

এক প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, স্থানীয় সময় সোমবার বিকাল ৫টায় দুই দেশের সীমান্ত সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সেতুটিসহ গোটা বাজার কেঁপে ওঠে। এ সময় অনেকের শরীরের ছিন্ন-ভিন্ন অংশ দেখতে পাই। আমার বন্ধুদের মরতে দেখি। এ ঘটনায় ৩৫ জনের বেশি আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আয়া থেকে বিশেষজ্ঞ চিকিৎসক, ৪ ভুয়া ডাক্তার জরিমানায় মুক্ত

ক্যামেরুনের গভর্নর রয়টার্সকে জানিয়েছেন, ‘এক যুবক লোহার বল মনে করে বিস্ফোরক হাতে তুলে নেয়। তারপরই বিস্ফোরণটি ঘটে’। জঙ্গিরা শক্তিশালী বোমাটি সবার অলক্ষ্যে ওই বাজারে ঠাসা ভিড়ের মধ্যে রেখে যায় বলে ধারণা করছেন তিনি।

তিনি জানান, ২০১৪ থেকে জঙ্গি গোষ্ঠীগুলো বহুবার এই অঞ্চলটিতে হামলা করার চেষ্টা চালিয়েছে।

তবে নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারাম বা আইএসডব্লিউএপি এখন পর্যন্ত এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

ইত্তেফাক/এসি